ছাত্রলীগ নেতা তাকবির হত্যার আসামি অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলায় পারভেজ আল মামুন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরের পুরান বগুড়ার তাসিন ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও দুইটি অত্যাধুনিক ছুরি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মামুন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা মুন্সিপাড়া গ্রামের ফজলে মাবুদ শাহিনের ছেলে।

রবিবার দুপুর ১২টায় ডিবি পুলিশ তাদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন তাকবির হত্যায় নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। হত্যা মামলায় তার নাম না থাকলেও ঘটনার পরেই গ্রেফতার হওয়া আল-আমিনের আদালতে দেওয়া জবানবন্দিতে মামুনের নাম উঠে আসে। ঘটনার পর থেকে নিজেকে বাঁচাতে তিনি গা ঢাকা দেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বগুড়ার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ পুরানা বগুড়া থেকে মামুনকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানো হবে। সেখানে তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি না দিলে রিমান্ড আবেদন করা হবে।

বগুড়া জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২০২১ সালের ১১ মার্চ রাতে শহরের সাতমাথায় দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলামকে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই ঘটনায় নিহত তাকবীরের মা আফরোজা ইসলাম বাদী হয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত আব্দুর রউফকে সংগঠন থেকে বহিষ্কার করে। এরপর চারমাস পলাতক থাকার পর ২০ জুলাই রউফ বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ইত্তেফাক/এমআর