রংপুরে নিখোঁজের ৫ দিন পর নারীর লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৫

ব্যাংক থেকে টাকা আনতে গিয়ে নিখোঁজের পাঁচদিন পর রাহেলা বেগম (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত রাহেলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী এবং কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান,  জমি কেনার কথা বলে ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের সব টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন রাহেলা। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনায় রাহেলার বড় ভাই ১৯ ফেব্রুয়ারি জেলার গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি করেন।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে। তার মাথা থেঁতলানো ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

 

ইত্তেফাক/এমএএম