ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। রবিবার ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকার আব্দুল বাতেনের টিনসেড বাড়ির পেছনে বিস্ফোরণে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাস বা ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ করতে গিয়ে সিগারেটের আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন অন্তত ১০ জন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তারা হলেন আলম (৪০), জজ মিয়া (৫০), সাথী (২০), আসমা (৪০), হাসিনা (৩৮) ও শিশু হাফসা (৬)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ আলম ও জজ মিয়ার শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, একটি আবাসিক এলাকায় সিলিন্ডারে কাজ করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

ইত্তেফাক/ইউবি