রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির প্রলোভন, ৩ প্রতারক গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার বিশ্বনাথপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৪), বরিশালের উজিরপুর থানার কুরুলিয়া গ্রামের মৃত পিটার বাড়ৈর ছেলে লিটন বাড়ৈ (৪৫) এবং লিটন বাড়ৈর ছেলে ইম্মানুয়েল প্রান্ত বাড়ৈ (২৭)। 

পুলিশ জানান, প্রতারণার শিকার হেজবুল্লাহ এবং গ্রেফতারকৃত প্রতারক রাসেল মোল্লা একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন পর চাকরি ছেড়ে জাতীয় সংসদে অফিস সহকারী পদে চাকরি হয়েছে বলে জানান রাসেল। পরে আরও দুইজনসহ হেজবুল্লাহকে রাষ্ট্রপতির কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ সাজায় রাসেল। সেই ফাঁদে পা দেন হেজবুল্লাহ, মো. মাসুদ ও বিপ্লব হোসেন। তিনজনের চাকরির জন্য ১৮ লাখ টাকা চায় প্রতারক রাসেল মোল্লা। পরে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছ থেকে সর্বমোট ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন রাসেল ও তার সহযোগীরা। এমনকি তারা জাতীয় সংসদের প্যাড ও লোগো-সংবলিত ভুয়া নিয়োগপত্রও প্রদান করে। এরপর তাদের কথাবার্তায় সন্দেহ হলে আশুলিয়া থানায় অভিযোগ দেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আশুলিয়া থানার পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  পুলিশের কাছে প্রতারণার কথা স্বীকার করেছে। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।