এবার শপথ নিলেন ইমন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক মামনুন ইমন। রবিবার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে ইমনকে শপথবাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার কারণে বিলম্বে শপথ নিলেন তিনি।

শপথ নেওয়ার পর ইমন বলেন, ‘নির্বাচনের জন্য অনেক কাজ বন্ধ রাখতে হয়েছিল। নির্বাচন শেষে সেই কাজগুলো করেছি। যার কারণে শপথ নিতে পারিনি। কাজগুলো শেষ করে শপথগ্রহণ করলাম। যারা এখনো শপথ নেননি তাদেরও অনুরোধ করব শপথ নেওয়ার জন্য।’

শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। আগামী ২২ ফেব্রুয়ারি এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।