ইউক্রেনে ৩৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৪

ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই স্বল্প ও দীর্ঘ মেয়াদে অর্থায়নের পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। যার অংশ হিসেবে পূর্ব ইউরোপের দেশটিতে ৩৫ কোটি মার্কিন ডলার দেবে সংস্থাটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, জার্মানির মিউনিখ শহরে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে মালপাস বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে পূর্ব ইউরোপের দেশটির অর্থনীতি ও নাগরিকদের পাশে থাকবে বিশ্বব্যাংক।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ইউরোপজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মস্কো ইউক্রেনে হামলা করতে চায় এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর মধ্যেই পরীক্ষামূলকভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ঠিক সেসময় বৈঠকে বসেন জেলেনস্কি ও মালপাস।

বিশ্বব্যাংকের প্রাথমিক এ অর্থায়নের পর দেশটিকে আরও নানাভাবে সহায়তা করা হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের জ্বালানি ও জলবায়ুসংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ড। বৈঠকে জেলেনস্কি ও মালপাস দেশটির জ্বালানি, অবকাঠামো, রেলপথ, অর্থনীতি এবং পূর্ব ইউক্রেনে কাজের সুযোগসংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা করেন।

ইত্তেফাক/টিআর