সিলেটে কন্ডিশনিং ক্যাম্প শেষে গত শনিবারই চট্টগ্রামে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তানে পিএসএল মিশন শেষে গতকাল আফগান শিবিরে যোগ দিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজ। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনও করেছে আফগানরা। অন্তর্বর্তীকালীন হেড কোচ স্টুয়ার্ট ল’র অধীনে ঘাম ঝরানো অনুশীলন করেছে সফরকারী দল।
অতিথিদের একদিন পরে গতকাল সকালে চট্টগ্রামে গিয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। বিকালে সাগরিকায় অনুশীলন করেছেন তামিম-মুশফিকরাও। যদিও গতকাল দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ তাদের চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে। দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ায় ব্যাটিং কোচ জেমি সিডন্সও নেই দলের সঙ্গে। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা ছিলেন সাগরিকার অনুশীলনে।
আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। আইসিসি ওডিআই সুপার লিগের অংশ বলেই সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলতে হলে পয়েন্ট তালিকার শীর্ষে আটের মধ্যে থাকতে হবে। ১২টি ম্যাচ খেলে ৮০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্হানে। অন্যদিকে ৬ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পঞ্চম স্হানে।
ঘরের মাঠে বাংলাদেশ তাই এ সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পেতে মুখিয়ে থাকবে। হোম কন্ডিশনে ২০১৬ সালে সর্বশেষ আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। মাশরাফির নেতৃত্বে ২-১ এ সিরিজ জিতেছিল স্বাগতিকরা। এ ফরম্যাটে সব মিলিয়ে ৮ ম্যাচ খেলেছে দুই দল। বাংলাদেশ পাঁচটি ও আফগানিস্তান তিনটি ম্যাচে জিতেছে।
হোম সিরিজে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। হোয়াইটওয়াশের চিন্তা এখনই করছেন না টাইগাররা। গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিরিজ নিয়ে মিরাজ বলেছেন, ‘সাধারণ পরিকল্পনা থাকবে, যেটা সবসময় করে এসেছি। ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে এসেছি সেরকম সাধারণ পরিকল্পনাই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলব এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্যই থাকবে সিরিজ জেতা।’
বিপিএল খেলেই ক্রিকেটাররা নামছেন ওয়ানডে খেলতে। চেনা কন্ডিশন বলেই আত্মবিশ্বাসী মিরাজরা। এ তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমি আশাবাদী ভালো কিছু হবে ইনশা আল্লাহ। আমিও খুব রোমাঞ্চিত। আজকে থেকে ট্রেনিং শুরু হবে।’
চট্টগ্রামে তিন ওয়ানডের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-২০ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ওয়ানডে গুলো সকাল ১১টায় শুরু হবে এবং টি-২০ ম্যাচ মাঠে গড়াবে বেলা ৩টায়।
