প্রিমিয়ার ফুটবল লিগে রেফারিং নিয়ে সমালোচনা হচ্ছিল। একাধিক অভিযোগও জমা পড়েছে বাফুফেতে। সভাপতি কাজী সালাহউদ্দিন বিরক্ত। রেফারিদের বিরুদ্ধে এতো অভিযোগ উঠছে কেন। ডেকে পাঠিয়েছিলেন রেফারিদের প্রধান আজাদ রহমানকে। গতকাল বিকালে রেফারিদের সঙ্গে বৈঠক করেন কাজী সালাহউদ্দিন।
পরে তিনি গিয়েছিলেন কমলাপুর স্টেডিয়ামে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা দেখতে। এই লিগের উদ্বোধন করেন সালাম মুর্শেদী। সালাহউদ্দিন ছিলেন ভিআইপি গ্যালারিতে। মাঠে আসার আমন্ত্রণ জানানো হলেও সালাহউদ্দিন বলেছেন তিনি খেলা দেখতে এসেছেন। বিশেষ করে বাফুফে একাডেমির দলের খেলা দেখবেন। সংবাদ মাধ্যম কথা বলতে চাইলে গুরুত্ব পায় রেফারিং বিষয়টি।
রেফারিং প্রশ্নে সালাহউদ্দিন বলেছেন, ‘আমি সন্তুষ্ট না এবং অসন্তুষ্টও না। আমি রেফারিদের ডেকে কথা বলেছি। আমার অসন্তুষ্টের জায়গাগুলো তুলে ধরেছি। আমার কাছে মনে হয়েছে বসুন্ধরা কিছু অ্যাডভান্টেজ পেয়েছে। সাইফ স্পোর্টিং ডিজঅ্যাডভান্টেজ পেয়েছে, সেটাও বলেছি।’ তিনি বলেন, ‘রেফারিরা ব্যাখ্যা দিয়েছেন। কোন ঘটনায় কী ঘটেছে। আইনে কী বলা আছে। সেসব নিয়ে রেফারিরাও তাদের অবস্থান তাদের কথা বলেছেন। আমি সবার কথাই শুনেছি। তারা তাদের অবস্হান হতে বলেছেন আর আমি আমার অবস্থান হতে বলেছি।’ সালাহউদ্দিন মানছেন সাইফ স্পোর্টিং ক্লাব বাজে রেফারিংয়ের শিকার হয়েছে।
বিদেশি রেফারি আনা হবে কিনা সেই প্রশ্নে সালাহউদ্দিন জানিয়েছেন তারা কাজ করছেন। করোনায় কিছু সমস্যা রয়েছে। দেশি রেফারিদের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘রেফারিরা যাতে বুষ্টআপ হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আর বিদেশি রেফারি নিয়ে কমিটি কাজ করছে।’ সালাহউদ্দিন সব সময় রেফারিদের নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেন। রেফারিদের ডেকে নিয়ে প্রতিবারই একই কথা বলেন। এবারও তাই বলেছেন। দর্শক ভালো খেলা দেখতে চায়। ক্লাবগুলো কোটি কোটি টাকা খরচ করে বিদেশি খেলোয়াড় আনছে। তারা ভালো খেলা উপহার দিতে চায়। ভালো খেলা না হলে দর্শক আসবে না।’ তবে এবারের প্রিমিয়ার ফুটবল লিগে বিদেশি রেফারি দেখা যাবে সে আভাস মিলছে বাফুফের কর্তাদের কথা।
রেফারিংয়ের বিষয় ছাপিয়ে প্রসঙ্গ গেল চ্যাম্পিয়নশিপ লিগে একাডেমি দল খেলছে। উঠবে না, নামবেও না। চাইলে একাডেমি দল প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে সহযোগিতা করতে পারে। কথাটা শুনেই খেপে গিয়েছেন সালাহউদ্দিন। পালটা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আপনি কী বিশ্বাস করেন আমরা চিটিং করছি? আমরা এখানে চিটিং করতে বসিনি। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে এক ঘণ্টার নোটিশে তাকে বের করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমি একাডেমির খেলোয়াড়দের খেলা দেখতে এসেছি। এই দলটা কেমন হচ্ছে সেটা জানার আগ্রহ নিয়েই মাঠে এসেছি। শক্ত দলের বিপক্ষে খেলে খেলে অভিজ্ঞতা হবে এই ফুটবলারদের।’
