ভারতের জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। সেটির অংশ হিসেবে গতকাল রবিবার স্থানীয় কালচারাল গ্রুপ 'ভোমেধ' একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। 'পগাহ' নামের এই অনুষ্ঠানের লক্ষ্য কাশ্মিরি ভাষাকে রক্ষা এবং এটিকে মাতৃভাষা হিসেবে প্রচার করা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে কমেডি এবং নাটকে পারফর্ম করেছে মুসলিম এবং কাশ্মির পন্ডিতরা। যা কাশ্মির উপত্যকার ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি। উভয় সম্প্রদায়ের মানুষই কাশ্মিরি ভাষার প্রতি দারুণ উৎসাহ দেখিয়েছে।
ভোমেধ এর সহ-সভাপতি ভারতি কৌল এএনআইকে বলেন, ‘আমরা মাতৃভাষা দিবস উদযাপন করছি। অন্য রাজ্যেও যদি আমরা আমাদের মাতৃভাষাকে না রাখি তবে আমরা তা হারাবো। সমাজের মেরুদন্ড হচ্ছে মাতৃভাষা।’
অনুষ্ঠানের আয়োজক রাকেশ রোশান বলেন, ‘করোনা মহামারি আসার পর থেকেই কাশ্মিরি ভাষাকে রক্ষা করতে প্রচারণা চালাচ্ছেন তারা। এরই মধ্যে অনলাইনের মাধ্যমে অনেক ইভেন্ট আয়োজন করেছি।’
