বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য। সোমবার (২১ ফেব্রুয়ারি) নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী সরকার ‘জয়বাংলা-ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। ভাষা শহীদ দিবসেও তাদের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে। আওয়ামী সহিংসতার কীর্তি পত্রিকার প্রথম পাতাজুড়ে প্রকাশ পেলেও নিশিরাতের সরকার ভ্রুক্ষেপহীন।
রিজভী বলেন, ‘ননসেন্স বক্তৃতায়’ অপরাজেয় আওয়ামী মন্ত্রী ও নেতাদের আশকারাতেই জাতীয় পর্যায় থেকে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগ-ছাত্রলীগ নামধারী রক্তপিপাসু দল সৃষ্টি করা হয়েছে। গোটা জাতিকে নিষ্প্রাণ নিস্তেজ করার জন্যই এই সকল দানবদের তৈরি করা হয়েছে। পতনের লক্ষণ প্রকট হয়ে উঠার কারণেই ওরা এখন মরণযজ্ঞে মেতে উঠেছে। এরা এক ভিন্ন ধরনের সংস্কৃতি নির্মাণ করতে চাচ্ছে, এই সত্যটি এখন দেশবাসী মর্মে-মর্মে অনুভব করছে। নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিপন্ন করে এরা এক আজ্ঞাবাহী সংস্কৃতির জন্ম দিতে যাচ্ছে। তারই আলামত চারিদিকে ফুটে উঠেছে।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সশস্ত্র ক্যাডাররা তাণ্ডব চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় ঢাকা মহানগরীর উত্তর বিএনপি’র অন্তর্ভুক্ত বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ড, দক্ষিণ খান থানা, ৪৭ ৪৯ নং ওয়ার্ড শাহআলী থানার ৮ নং ওয়ার্ড ও ৯৩ আঞ্চলিক ওয়ার্ড রূপনগর থানার ৯২ নং ওয়ার্ডের প্রভাতফেরীতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপর পেছনদিক থেকে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা আক্রমণ করে এতে রহিম ও আলাউদ্দিনসহ ২০ জনের অধিক নেতাকর্মী আহত হয়।
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় আওয়ামী যুবলীগের অস্ত্রে-শস্ত্রে সুসজ্জিত একটি গ্রুপ হামলা চালায়। এতে আহত হয়েছেন ছাত্রদল সভাপতি শাহরিয়ার ফায়সাল, পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলসহ ১৫ জনের অধিক নেতাকর্মী। আহত নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেও আওয়ামী ক্যাডাররা হামলা চালায়। তৎক্ষণাৎ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু’র উপস্থিতিতে ঝালকাঠি জেলার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালীন সময়ে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও অনুষ্ঠান পণ্ড করে।
এ সময় তিনি বলেন, জনগণের শক্তিতে বলিয়ান হয়ে অবিলম্বে এই সরকারের পতন না ঘটাতে পারলে মানুষের জান-মালের নিরাপত্তা ভয়াবহভাবে বিপন্ন হবে।
