বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান সুইস ব্যাংকের সম্প্রতি ১৮ হাজারের বেশি হিসাবের নথি ফাঁস হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ অ্যাকাউন্টের সঙ্গে এক হাজার ৪০০ পাকিস্তানি নাগরিকের সংযোগ আছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব অ্যাকাউন্টের মালিকের মধ্যে রয়েছেন বেশকিছু পাকিস্তানি রাজনীতিবিদ ও জেনারেল। যার মধ্যে রয়েছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাবেক প্রধান জেনারেল আখতার আব্দুল রহমান খান।
নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল রহমান খান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার জন্য আফগানিস্তানের মুজাহেদিনদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে বিলিয়ন বলিয়ন ডলার নগদ এবং অন্যান্য সহায়তা প্রদান করেছিলেন।
অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) রিপোর্টের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে মুজাহিদিন যোদ্ধাদের জন্য সৌদি আরব ও মার্কিন অর্থায়ন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে।
ওসিসিআরপি-এর রিপোর্টে বলা হয়েছে, 'প্রক্রিয়ার শেষ প্রাপক ছিল ইন্টার–সার্ভিসেস ইন্টেলিজেন্স গ্রুপ (আইএসআই)। সে সময় আইএসআই এর নেতৃত্বে ছিলেন আখতার আব্দুল রহমান খান।'
প্রতিবেদনে বলা হয়েছে, সুইস ব্যাংকে পাকিস্তানিদের রাখা অ্যাকাউন্টে গড় সর্বোচ্চ অর্থ ছিল ৪ দশমিক ৪২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ( সুইজারল্যান্ডের মুদ্রার নাম) । তথ্যসূত্র: এনডিটিভি।
