ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিজিডির চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকে ১৩ বস্তা পচা চাল উদ্ধার করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের হল রুমের দরজা খুলে ১৩ বস্তা বিজিডির চাল দেখতে পায়। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের লোকজন এসে বস্তা খুলে ১১ বস্তা পচা চাল ও ২ বস্তা ভাল চাল পায়।
এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলাম বলেন, সকাল ১১টায় সাবেক চেয়ারম্যান আমাদেরকে দায়িত্ব হস্তান্তর করে ফাইল বুঝিয়ে দেয়। এ সময় আমরা পরবর্তীতে ফাইল বুঝে সই করবো বলে জানিয়ে দেই। পরে পরিষদের লোকজন নিয়ে হল রুম প্রবেশ করে অবণ্টনকৃত চালের বস্তাগুলো দেখতে পায়। পরে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে অবহিত করলে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়ে এসে চালগুলো উদ্ধার করেন। এই চালগুলো সাবেক চেয়ারম্যান গরীবদের বণ্টন না করে রেখে দিয়েছেন এবং পরিষদের অনেক গাফিলতির প্রমাণ পাওয়া যাচ্ছে।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া বলেন, বিজিডির চালগুলো সুবিধাভোগীরা না নেওয়াতে চালগুলো রয়ে গেছে। আমি বিক্রি না করে পরিষদে রেখে দিয়েছি।
বুধন্তি ইউনিয়ন পরিষদ সচিব মো. আবুল হোসেন বলেন, রুমের চাবি চেয়ারম্যানের কাছে থাকে এবং তিনি বণ্টন না করে রেখে দিয়েছেন। আমি এই বিষয়ে কিছু জানি না। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদের মোবাইলে বার বার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
