অচিরেই আওয়ামী লীগ সরকারের বিদায় হবে: রিজভী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭

রংপুরের মিঠাপুকুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, অচিরেই আওয়ামী লীগ সরকারের বিদায় হবে  এ আশাবাদ ব্যক্ত করে জনগণ জেগে উঠেছে। ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকা যাবে না।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মিঠাপুকুরে এতিম ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি বলেন, নিশিরাতের দুঃশাসনে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, গ্যাস পানি বিদ্যুতের দামবৃদ্ধি অন্যদিকে বেকারত্বের অভিশাপে মানুষের জীবন আর চলছেই না। গরীব দুস্থ মানুষের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে। 

মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদপাড়া এতিমখানা মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও এলাকার দরিদ্র মানুষের মাঝে এক’এক’শ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম নয়ন, গোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক লিমন সরকার, উপজেলা ছাত্র দলের সদস্য নিশাত রহমান, সাবেক ছাত্র নেতা নাজির উদ্দিন বাবু ও  মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

 

ইত্তেফাক/জেডএইচডি