ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এগুলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ। রাশিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রাখা আছে।
নিষেধাজ্ঞার আওতায় আছে রাশিয়ার পাঁচটি ব্যাংক। সেগুলো হলোঃ রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক ও ব্ল্যাক সি ব্যাংক। সেইসঙ্গে তিন রুশ ধনকুবের গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ ও ইগোর রোটেনবার্গের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ প্রশাসন।
পশ্চিমাদের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে তিনি এ অঞ্চলে ‘শান্তিরক্ষী’ হিসেবে রুশ সেনা মোতায়েনের ঘোষণা দেন।
এই ঘটনার পর ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসন বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দ করা হবে। এমনকি তারা যুক্তরাজ্যে যাতায়াতও করতে পারবেন না। যুক্তরাজ্যের নাগরিকদের কেউ তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবেন না।
পার্লামেন্টে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা এডওয়ার্ড ডেভি প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। পুতিনের মিত্রদের সম্পদ জব্দ ও তাদের যুক্তরাজ্য থেকে বিতাড়িত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
