চট্টগ্রামের লোহাগাড়ায় ১১ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে রাংগা চাকমাকে (২১) তিন হাজার পিস ইয়াবা এবং মিজানুর রহমান (৩০) ও মোহাম্মদ ফাহিম আবরার (২৪) আবরারকে আট হাজার পিস ইয়াবাসহ আটক করে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
