জুভেন্টাস তারকা ওয়েস্টন ম্যাককেনির বাঁ পায়ের হাড় ভেঙ্গে গেছে। ক্লাবের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের মাঝ পথেই মাঠ ছাড়তে বাধ্য হন এই মার্কিন মিডফিল্ডার। মঙ্গলবার শেষ ষোলর প্রথম লেগের ওই ম্যাচের শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে বদলি দিয়ে মাঠ ছাড়েন তিনি। পারভিস এস্তুপিনানের ট্যাকলে সময় পায়ে গুরুতর আঘাত পান তিনি। পরে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এ বিষয়ে ক্লাবের বরাত দিয়ে এএফপি বলছে, পায়ের দ্বিতীয় ও তৃতীয় মেটাটারসালে চিড় ধরেছে ম্যাককেনির। তবে ইতালির গণমাধ্যমের বলছে, অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এই তারকাকে।
এই মৌসুমে জুভেন্টাসের হয়ে মোট ২৮ ম্যাচ খেলেছেন ম্যাককেনি। গোল করেছেন চারটি।
