চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের অ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও হাসপাতালের গ্যারেজে মেরামতের অভাবে অকেজো হয়ে পড়ে আছে।
জানা গেছে, বিগত ২০২১ সালের ২৪ অক্টোবর দোহাজারী হাসপাতাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল এলাকায় দুর্ঘটনাকবলিত হয়। দুর্ঘটনার পর থেকে ঐ হাসপাতালের অ্যাম্বুলেন্সটি মেরামত করা হয়নি। ফলে জরুরি প্রয়োজনে রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতিই দায়ী বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন। দোহাজারী পৌরসভার পার্শ্ববর্তী সাতবাড়িয়া, বৈলতলী, হাসিমপুর, দুর্গম পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ, খাগরিয়া, নলুয়া, ধর্মপুর ও পুরানগড় ইউনিয়নের অসহায় গরিব রোগীদের অ্যাম্বুলেন্সের অভাবে অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স অথবা অন্য যানবাহন নিয়ে রোগীকে চমেক হাসপাতালে নিতে হচ্ছে। এতে করে স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে নিরীহ মানুষ। শিগগিরই অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল রাখার জন্য এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হোসেন চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্সটি মেরামতের কাজ করা হবে।
