সিলেটে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে প্রথমবার মোহামেডান-আবাহনী মুখোমুখি হলো। স্মরণীয় একটা ম্যাচ পকেটে তুলে নিলো আবাহনী। ১-০ গোলে মোহামেডানকে হারিয়ে সিলেট হতে হাসি মুখে ঢাকায় ফিরছে আবাহনী। ২৮ মিনিটে সোহেল রানার গোলে জয় পায় আবাহনী। টেবিলের শীর্ষে আবাহনী। ৫ খেলায় মোহামেডানের প্রথম হার এটি।
মোহামেডান ফুটবলারদের মন ভালো না হলেও কিছু করার নেই। নিজেদের ব্যর্থতা ছিল, সেই সঙ্গে ভাগ্যটাও কাজে লাগেনি। গোল শোধ করার সুযোগ পেয়েছিল মোহামডান। কিন্তু ক্রসপিস আর আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল সময় মতো উড়ে গিয়ে বিপদ হতে বাঁচিয়েছেন। বিশেষ করে খেলার দ্বিতীয়ার্ধে মোহামেডানের একাধিক আক্রমণ আবাহনীর গোলকিপার সোহেল গ্রিপ করতে না পারলেও শুয়ে পড়ে কিংবা উড়ে গিয়ে ক্লিয়ার করেছেন। গোল হজমের পর ৭২ মিনিট মোহামেডান যেভাবে গোল শোধ করার চেষ্টা করেছে তাতে মোহামেডান সমর্থকরা খুব একটা সন্তুষ্ট হয়েছেন বলে মনে হয় না।
মোহামেডানের বক্সের বাইরে নাবীব নেওয়াজ জীবন পেছনে বল ঠেলে দেন। রানিং বলের ওপর লম্বা শটে গোল করেন সোহেল রানা। ফুটবল পণ্ডিতদের কথা হচ্ছে ২৮ মিনিটে গোল হজম করলে শোধ করার সময়টা পাওয়া যায়। পরিকল্পনা করে নতুন ভাবে এগিয়ে যাওয়া যায়। কিন্তু গতকাল রাতে সিলেটের মাঠে আবাহনীর বিপক্ষে পিছিয়ে থাকা মোহামেডান সেই ধার দেখাতে পারলো কোথায়।
ম্যাচ জয়ের গোলদাতা সোহেল রানা গত বছরও আবাহনীর জার্সি গায়ে খেলেছেন। আরেক মিডফিল্ডার সোহেল রানা বসুন্ধরায় চলে গিয়েছেন। আর কালকের ম্যাচের গোলদাতা সোহেল রানা এখন একাদশে। অনেকেরই মনে থাকার কথা, ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেলের স্ত্রী এবং শিশু পুত্র সন্তান মারা যায়। মোহামেডানের বিপক্ষে বড় জয় এনে দিয়েছেন সোহেল রানা। যদিও আক্রমণভাগে রাশিয়ান ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস অনেক চেষ্টা করেও মোহামেডানের জালে বল রাখতে পারেননি। তারপরও হতাশ নন আবাহনীর পতুর্গীজ কোচ মারিও লেমস। বসুন্ধরা ছেড়ে আসা কলিন্দ্রেস টানা পাঁচ ম্যাচে গোল পেলেন না। মোহামেডানের পোস্টে কয়েক বার শট করলেও গোলকিপার সুজন দেওয়াল হয়ে দাঁড়ান। খেলার শেষ দিকে সেটপিস হতে ওবিমনের শট গোলকিপার সোহেল হাত বাড়িয়ে ঝাপটা মারলেও বল পোস্টে লেগে কর্নার হয়। আফসোসে পুড়ে যায় মোহামেডান। টানা তিন জয়ে ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী।
মুন্সিগঞ্জে শেখ জামালের জয়
প্রিমিয়ার ফুটবলে দুই জয়ের পর দুই ড্রয়ে অসন্তুষ্ট থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব আবার জয় পেয়েছে। গতকাল মুন্সিগঞ্জের মাঠে শেখ জামাল এবং শেখ রাসেলের লড়াইয়ে জামাল জিতেছে ১-০ গোলে। ৩২ মিনিটে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর গোলে জয় পায় শেখ জামাল। রাসেলের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতল শেখ জামাল।
