মহাকবি কায়কোবাদের ১৬৫ তম জন্মদিন আজ 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭

আজ মহাকবি কায়কোবাদের ১৬৫তম জন্মদিন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।

১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেছেন।

১৯৫২ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি। ছাত্রজীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।

মহাকবি তার নিজ এলাকায় অবহেলিত। বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজ গ্রামে কবির স্মৃতিচিহ্ন বলতে তেমন কোনো কিছু নেই। মহাকবির ব্যবহৃত একটি ভাঙা ঘর ও একটি আম গাছ ছাড়া আর কিছু নেই কবির স্মৃতি হিসেবে।

স্থানীয়রা জানান, ১৯৭২ সালে সাবেক এমপি আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু কায়কোবাদের সম্মানে তার কর্মস্থল আগলা ডাকঘর-সংলগ্ন জমিতে প্রতিষ্ঠা করেন কায়কোবাদ বালিকা উচ্চবিদ্যালয়। 

এছাড়া কবিকে নিয়ে নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ বর্তমানে পুরানা পল্টন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান ‘দু’শতাব্দীর সাক্ষী মহাকবি কায়কোবাদ’ গ্রন্থটি রচনা করেন।

ইত্তেফাক/এএএম