ওল্ড ট্রাফোর্ডেই ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য নির্ধারণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪

ম্যাচটা প্রায় হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ভাগ্যিস বদলি নেমেছিলেন দলটির সুইডিশ উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা। তার একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়িয়েছে ম্যানইউ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। ৭ মিনিটে কর্নার থেকে আসা বল শুরুতে ক্লিয়ার করলেও বিপদমুক্ত করতে পারেননি ভিক্টর লিন্ডেলফ। আতলেতিকোর ব্রাজিলিয়ান লেফট ব্যাক রেনান লোদি বল পাঠিয়ে দেন ইউনাইটেডের বক্সের দিকে। দৌড়ে এসে হেড দিয়ে বল জালে ঢুকিয়ে দেন জোয়াও ফেলিক্স।

এদিন, শুরু থেকেই একাদশে থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অভাবটা শেষ পর্যন্ত ভুলিয়ে দেন অ্যান্থনি এলাঙ্গা। ফলে মাদ্রিদের মাঠে পিছিয়ে পড়েও ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে রালফ রাংনিকের দল। এখন ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগের ম্যাচেই দল দুটির ভাগ্য নির্ধারণ হবে। সেই ম্যাচ যারা জিতবে তারাই শেষ আট বা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে।

ইত্তেফাক/টিএ