ইউক্রেনের দু'টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করছে রাশিয়া-স্বীকৃত লোহানেস্ক প্রজাতন্ত্র। 'সুখো-২৪' নামের দু'টি বিমান ভূপাতিত করেছে বলে দাবি তাদের। লোহানেস্কের পুলিশ বিভাগের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। তবে পাইলটরা জীবিত আছেন কিনা তা এখনও জানা যায়নি।
এদিকে, লোহানেস্কের নিরাপত্তা বাহিনী আরও দাবি করেছে, তারা ইউক্রেন বাহিনীর দখলে থাকা একটি শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। অন্যান্য এলাকা উদ্ধারের কাজ চলছে। লোহানেস্কের একটি অংশের ওপর আগে থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখেছিল রুশপন্থীরা।
এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।
এই ঘোষণার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে সেখানে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, তার দেশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া। ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া।
