ইংলিশ প্রিমিয়ার লিগে জমে ওঠেছে শিরোপার লড়াই। গত ১৫ জানুয়ারি পর্যন্ত এককভাবে এই লড়াইয়ে ছিল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়েও তারা ১৪ পয়েন্টে পিছিয়ে ছিল। কিন্তু এখন শিরোপার রেসে চলে এসেছে লিভারপুলও। এই মুহূর্তে উভয় দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ৩!
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। জোড়া গোল করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। একটি গোলে এসিস্টও করেন সালাহ। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ অবদানের রেকর্ড গড়লেন সালাহ (১৬০)। এতদিন এই রেকর্ডটি ছিল চেলসির সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার (১৫৯)। আইভরি কোস্ট কিংবদন্তির চেয়ে ৭২ ম্যাচ কম খেলেছেন সালাহ।
লিভারপুলের হয়ে অন্য দুটি গোল করেন জোয়েল মাতিপ ও ভার্জিল ফন ডাইকে। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে লিভারপুল। অন্যদিকে, সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
