ব্যাঙ্গালুরুর নেতৃত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

গত বছরের আইপিএল শেষে হঠাৎ করেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ারও ঘোষণা দেন। পরবর্তীতে তার কাছ থেকে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয় এবং তিনি নিজ থেকে টেস্টের দায়িত্বও ছেড়ে দেন। বর্তমানে কোনো দলের নেতৃত্বে নেই আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।

জাতীয় দলের নেতৃত্ব ছাড়া নিয়ে কথা বললেও ব্যাঙ্গালুরুর বিষয় নিয়ে এতদিন কিছু বলেননি বিরাট কোহলি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি আরসিবির পোডকাস্টে বিরাট কোহলি বলেন, ‘আমি এমন কেউ নই, যে নিজের থেকেও বেশি জিনিস ধরে রাখে। এমনকি যদি আমি জানি যে, আমি এর চেয়ে বেশি করতে পারি, তখন যদি কাজটায় আমি আনন্দ না পাই, অবশ্যই আমি সেটা করবো না।’

ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, যখন একজন ক্রিকেটার এ ধরনের সিদ্ধান্ত নেয়, তখন সাধারণ মানুষের পক্ষে সেটা বুঝা কঠিন। তিনি বলেন, ‘লোকেরা আপনার পরিস্থিতিতে না থাকলে আপনার সিদ্ধান্তগুলো বোঝা তাদের পক্ষে খুব কঠিন। বাইর থেকে, মানুষের নিজস্ব একটা আশা থাকে, ওহ! এটা কীভাবে ঘটলো? আমরা খুবই অবাক!’

বিরাট কোহলি বলেন, ‘এখানে অবাক হওয়ার কিছু নেই। আমি মানুষকে ব্যাখ্যা করছি, আমি কিছু স্পেস চেয়েছি এবং আমি চেয়েছি আমার কাজের চাপ কমাতে। এবং গল্পের এখানেই সমাপ্তি। এর বাইরে সেখানে আর কিছু হয়নি। আমি আমার জীবনকে খুবই সাধারণ রাখি। যখন আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই, আমি সিদ্ধান্ত নেই এবং সেটা ঘোষণা করি।’

ইত্তেফাক/টিএ