ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।
মোহাম্মদ ইলিয়াস খান জানান, ভেড়ামারার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চণ্ডিপুর গ্রামের মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), চাঁদগ্রামের নজরুল মালিথার ছেলে রনি মালিথা (২৮), একই গ্রামের আব্দুল হামিদ ওরফে কটার ছেলে জনি (২৮) ও ড্যানি (২৫) এবং জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিককে (৪০) গ্রেফতার করা হয়। পরে মিন্টু মালিথা ও রনি মালিথার স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মিন্টু ও রনি আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অপর তিন আসামি হত্যায় সহযোগিতা করে। পারিবারিক বিরোধে এ হত্যা সংঘটিত হয়েছে বলে আসামিরা র্যাবকে জানিয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. এনামুল হক বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, আরও তথ্য জানার জন্য গ্রেফতারকৃত আসামিদের রিমান্ড আবেদন করা হবে।

ভোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার