চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক কর্মীকে র্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মী আহত হয়েছেন। এ সময় হলের কক্ষ ও হলের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সূর্যসেন হলে এ ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষে জড়ানো গ্রুপ দুটি হলো সিক্সটি নাইন ও এপিটাফ। দুই গ্রুপই চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এপিটাফ গ্রুপ সূর্যসেন হলে সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক কর্মীকে আটকে রেখে র্যাগ দেয়ার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে পড়ে। পরে সিক্সটি কর্মীরা সূর্যসেন হলে ওই জুনিয়র কর্মীকে উদ্ধার করতে গেলে এপিটাফ গ্রুপের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম ইত্তেফাককে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পাঁচজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
