বশেমুরবিপ্রবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাতে থানা ঘেরাও এবং সকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করে অবরোধ ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘসময় অবরোধের ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর আগে ধর্ষণের সাথে জড়িতদের আটকের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা ঘেরাও করে রাখেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ভবন তালাবদ্ধ করে রেখেছেন।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের দ্রুত আটক করে তাদের পরিচয় প্রকাশ, গুরুত্বপূর্ণ এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অবস্থান করে সেসমস্ত জায়গাতে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা বলয় তৈরিসহ চারদফা দাবি জানিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী ছাত্রী তার এক বন্ধুর সাথে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। এসময় ৫ থেকে ৭ জন বখাটে এসে বন্ধু সহ তাকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়। সেখানে বন্ধুকে আটকে রেখে মারধর করা হয় ও ওই ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। 

ভুক্তভোগী ছাত্রী তার সহপাঠীদের ঘটনা জানানোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন, 'তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তিনজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। আশা করছি খুব শিগগিরই জড়িত সকলকে আটক করা হবে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, 'আমরা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।'

ইত্তেফাক/এসটিএম