জাবির স্থগিত ও অপেক্ষমান পরীক্ষা নেওয়ার দাবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্থগিত ও অপেক্ষমান পরীক্ষা দ্রুত নেওয়া এবং সেশনজট কমানোসহ আট দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানান তারা। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্মারকলিপি গ্রহণ করেন। তাদের অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স সংকট দূর করা, প্রধান ফটক ও জয়বাংলা ফটকে সাইকেল স্ট্যান্ড স্থাপন, টারজান পয়েন্ট সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, সিএন্ডবি থেকে বিশমাইল পর্যন্ত পর্যাপ্ত লাইট ও সিসি টিভির ব্যবস্থা করা, পর্যাপ্ত ডাস্টবিন ও ময়লা অপসারণের ব্যবস্থা করা, মশা নিধনের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ে রিকশার সংখ্যা বাড়ানো।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব বিভাগে পরীক্ষা আটকে আছে আমরা দাবি জানাই দ্রুততার সাথে পরীক্ষা নেওয়ার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দাবি তুলে ধরেছে। এর প্রেক্ষিতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সমাধানের জন্য দাবি জানিয়েছি। আশা করি, দ্রুত এ দাবিগুলোর বাস্তবায়ন হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, স্মারকলিপি দ্রুত উপাচার্যের কাছে পাঠানো হবে। তারপর তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

ইত্তেফাক/এসটিএম