২২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৬

জামালপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিলকে ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০০০ সালের ১৯ মে  জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন আব্দুল জলিল (৭২)। পরের দিন আসর উদ্দিন মারা যান। হত্যার পর প্রায় ২২ বছর বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন আব্দুল জলিল। ২০১৮ সালের গত ৮ আগস্ট  জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামি আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। র‌্যাব-১৪ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলার মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে আব্দুল জলিলকে গ্রেফতার করে।

 

ইত্তেফাক/ইউবি