ইউক্রেনে ঢুকতে পারলো না এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০

আপাতত কোনো অসামরিক বিমান নামতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইউক্রেন। তাই মাঝপথ থেকেই ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান। ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে আছেন। তাদের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান পাঠিয়েছিল ভারতীয় প্রশাসন। 

জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিল্লি থেকে বিমান রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার এই বিমান। কিন্তু মাঝপথে ইউক্রেন নোটিস জারি করে জানিয়ে দেয়, আপাতত সে দেশে কোনো অসামরিক বিমান নামতে দেওয়া হবে না। এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ফিরে যাওয়ার অনুরোধ করে ইউক্রেনের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। এরপরেই মাঝরাস্তা থেকে বিমানটি ফের দিল্লি ফিরে আসে।

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্টেট সার্ভিস অব ইমারজেন্সি সিচুয়েশন্স তাদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে সামরিক অভিযান শুরু করার পর এই ঘটনা ঘটলো। ইমারজেন্সি সিচুয়েশন সার্ভিস জানিয়েছে, ওই বিমানে ১৪ জন আরোহী ছিলেন এবং বিমানটি ক্রাশ-ল্যান্ডিং করার পর তাতে আগুন ধরে গেলে পাঁচ ব্যক্তি নিহত হন।

ইত্তেফাক/এএইচপি