রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোলা এসে পড়ার পর শহরটি ছেড়ে বাসিন্দাদের পালানোর খবর আসছে। এদিকে হামলা থেকে রক্ষা পেতে অনেক ইউক্রেনীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।
তারপর থেকে কিয়েভের একটি এক্সপ্রেসওয়েতে গাড়ির জট দেখা গেছে। বৃহস্পতিবার সকালে কিয়েভ থেকে আসা ছবিগুলোতে গাড়ির দীর্ঘ সারি শহরের বাইরের দিকে যেতে দেখা গেছে। সকালে যেদিক থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, গাড়িগুলো তার বিপরীত দিকে যাচ্ছিল। পশ্চিমমুখী রাস্তায় প্রচুর গাড়ি থাকলেও বিপরীতমুখী রাস্তা ফাঁকা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন পোস্ট ও ছবি দেশটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার সাক্ষ্য দিচ্ছে।
অনেকে বলছেন, তারা বোমার হাত থেকে বাঁচতে বেজমেন্ট ও আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটছেন। টেলিভিশনের ফুটেজে রাস্তায় দল বেঁধে লোকজনকে প্রার্থনা করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবওয়ে স্টেশনগুলো মানুষে পূর্ণ। অনেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে অবস্হান করছেন। তারা দলে দলে সংগঠিত। স্টেশনগুলোতে মানুষের ভিড় থাকলেও ট্রেনগুলো ফাঁকা। স্বাভাবিকভাবে এখনো ট্রেন চলছে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্র ও বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন। শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
- বিবিসি ও সিএনএন
