দ্বিতীয় দিনে গড়িয়েছে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের ডারনিটস্কি জেলার একটি আবাসিক ভবনে ভেঙে পড়েছে একটি রুশ বিমান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বিমান ভেঙে পড়ার পর কিয়েভের ৯তলা আবাসিক ভবনটিতে আগুন ধরে গেছে। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন অন্তত ৩ জন আহত হয়েছেন।
এদিকে, কিয়েভ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের বাসিন্দারা আকাশ থেকে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও ধারণ করে শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তাদের অভিযোগ ওই এলাকায় আবাসিক ভবনে হামলার পর এসব ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।
সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রুশ প্লেন ভূপাতিত করেছে। প্লেনটি একটি আবাসিক ভবনে পড়লে তাতে আগুন ধরে যায়। দ্বিতীয় আরেকটি ভবনে আগুন ধরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
