‘রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে আমাদের সঙ্গে কথা বলতে হবে’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮

ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে আবারও ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেন এবং রাশিয়া উভয় ভাষায় কথা বলেছেন। এ সময় রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এই নেতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায়, তা নিয়ে রাশিয়াকে শিগগিরই বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’

তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।’

এর আগে গত রাতে তিনি রাজধানী কিয়েভে হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাজধানী ছাড়ার তার কোনো ইচ্ছে নেই। এবং জেলেনস্কি এটাও জানেন যে, এই মুহূর্তে তিনিই রাশিয়ার সবচেয়ে বড় টার্গেট।

ইত্তেফাক/টিএ