রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহুরুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে কাউনিয়ার নাজিরদহ খানসামা গ্রামের জিয়া কলোনিতে জুয়াখেলা অবস্থায় হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামসহ (৪৮) পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৯০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।
আটক অন্যরা হলেন-মৃত মজিবর রহমানের ছেলে ফারুক মিয়া (৪৯), জাবেদ আলীর ছেলে ইব্রাহীম আলী (৪০), মোতাহার আলীর ছেলে মমিনুর ইসলাম (৪৫) ও আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৩২)। তাদের সবার বাড়ি উপজেলার হারাগাছের নাজিরদহ গ্রামে।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে জিয়া কলোনি থেকে ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
