তৃণমূলকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বলে মন্তব্যে করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। তৃণমূলে আমাদের নেতা-কর্মীদের অভাব নেই। আজকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের মোকাবিলায় তৃণমূলকে প্রকৃতার্থে শক্তিশালীর করার বিকল্প নেই।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৫নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সবসময় চায় দেশের গণতন্ত্র বিপন্ন হোক। এজন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা চায় না। এটা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী হবে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের যেভাবে করে দিবেন আওয়ামী লীগ স্বাগত জানাবে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রয়োজন নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন। সুতরাং সে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা, শ্রদ্ধা থাকতে হবে।
