হাতিরঝিলে ভেসে উঠলো নারীর লাশ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৫

রাজধানীর হাতিরঝিল লেক থেকে আসমা বেগম (৫০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আসমা বেগম লালমনিরহাটের আদিতমারী গোবর্ধন এলাকায়। 

পুলিশ বলছে, শরীরে কোনো আঘাত না থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে, হত্যার পর কেউ ফেলে গেছে কিনা সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, বেলা ১১টার পর হাতিরঝিলে মরদেহ সদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ইতোমধ্যে আমরা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। মৃত নারীর ভোটার আইডি কার্ডও পেয়েছি।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড নয়।

হাতিরঝিল থানার এসআই ফারুক হোসেন বলেন, লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ওই নারীর হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ১৭ টাকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিন্নমূল মানুষ; পানিতে পড়ে মারা গেছেন।

ইত্তেফাক/এএএম