কিয়েভের রেলস্টেশনে মানুষের হাহাকার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৩

ঘরবাড়ি ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিতে সীমান্ত পাড়ি দিতে দেখা গেছে কিয়েভের সাধারণ নাগরিকদের। ইউক্রেনের রাজধানী কিয়েভের রেলস্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়। আশ্রয়ের খোঁজে হাহাকার করছে সাধারণ মানুষ। এ অবস্থায় প্রধান প্রধান সড়কসহ সীমান্তগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রাণভয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের পেছনে ছুটছেন, কেউ বা পালাচ্ছেন দেশ ছেড়ে। 

শহর ছেড়ে পোল্যান্ড সীমান্তের দিকে মানুষের ঢলের কারণে প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আকস্মিক এ হামলায় অনেকেই মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

কিয়েভের রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় এক নারী।

১৫ মিনিটের পথ পায়ে হেঁটে আসতে তিন-চার ঘণ্টা লেগে যাচ্ছে। যুদ্ধাক্রান্ত হওয়ায় ট্রেন স্টেশন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত ট্রেনের যাত্রীদের বিনা ভাড়ায় পৌঁছে দিচ্ছে। কিন্তু ট্রেনের সংখ্যার তুলনায় মানুষের ভিড় বেশি হওয়ায় অনেকেই ভিড় ঠেলে ট্রেনে উঠতে পারছেন না।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পর থেকেই রুশ বাহিনী বিভিন্ন দিক থেকে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে প্রবেশে তৎপর। ট্যাংকসহ ভারি সামরিক যান নিয়ে দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকে হামলা চালিয়েছেন রুশ সেনারা।

ইত্তেফাক/এএইচপি