‘ইন্ডাস্ট্রিতে কেউই কারো শত্রু না’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০১

চলচ্চিত্রে একের পর এক চিত্রনায়িকারা যখন বিয়ের খবর দিচ্ছেন তখন চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও বিয়ে করেছেন!—এমন খবর চাউর হচ্ছে বেশ কিছুদিন।

এ নিয়ে জানতে চাইলে ববি বলেন, ‘আমিও আমার বিয়ের খবর পাচ্ছি অনেকের কাছে। অথচ আমিই এখনো জানি না। আর আমি এভাবে গোপনে বিয়ে করবো না। সবাইকে জানিয়েই বিয়ে করবো। গোপন কোনো প্রেমিকও নেই যে, হঠাৎ তা প্রকাশ্যে আনবো। অবশ্যই আমার কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েই আমি বিয়ে করবো।’

এদিকে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় পুরোদস্ত্তর চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শামীম আহমেদ রনির নতুন ছবির কাজ শেষ করে ময়ূরাক্ষী ছবির কাজ শুরু করেছেন। চারদিকে অন্যান্য অনেকেই যখন চলচ্চিত্র শিল্পী সমিতির নানা তর্কের ভেতরে ব্যস্ত তখন ববি আপন মনে কাজ করে যাচ্ছেন। এট ছাড়াও তার হাতে রয়েছে বেশকিছু ছবির কাজ।

চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত

নিজের কাজ নিয়ে ববি বলেন, ‘করোনাকালীন প্রায় আড়াই বছর মাকে দেখতে পারিনি। কারণ মা অস্ট্রেলিয়া গিয়ে আর দেশে ফিরতে পারেননি। সম্প্রতি মা দেশে এসেছেন। এত বছর পর মাকে ফিরে পেয়ে নিজের কাজেও একটা ছন্দ ফিরে পেয়েছি।’

শিল্পী সমিতির বর্তমান পরিস্হিতি নিয়ে ববি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউই কারো শত্রু না। আমরা পরস্পরের। তাই আমি মনে করি, এই সাময়িক ভুল বোঝাবুঝি চলে যাবে। সিনেমাটাই থেকে যাবে দর্শকের মনে। তাই সেটিই মন দিয়ে করে যেতে চাই।’