বাথরুমে আশ্রয় নিচ্ছে কিয়েভের মানুষ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১১

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা ওলগা। তার ছেলে ভাদিমকে নিয়ে আজকাল থাকতে হচ্ছে বাথরুমে। তার দাবি, বাড়িতে এখন এটিই সবচেয়ে নিরাপদ স্থান।

ওলগা বলেন, আমরা কোনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছি না। সেখানে শতভাগ নিশ্চয়তা নেই। এমনকি আশ্রয়কেন্দ্রের পরিবেশ শিশুর মানসিক বিকাশের ওপরও কড়া প্রভাব ফেলতে পারে। ভাদিল বাড়িতেই ভালো আছে, সে ঘুমোচ্ছে, খাচ্ছে এবং ভাবছে সবকিছু মজার ছলেই হচ্ছে।

তিনি আরও বলেন, কিয়েভে বেশকিছু বিস্ফোরণের শব্দ পেয়েছি। রাত ১টা ও ভোর ৪টায় বিস্ফোরণ হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেও আওয়াজ পেয়েছি। তবে সকালের পর থেকে শান্ত পরিবেশ বিরাজ করছে। আমি এখন ঘুমোতে পারি।

কিয়েভের একটি সেনা ঘাঁটিতে হামলা করেছে রুশ বাহিনী। সেখানে ব্যাপক গোলাবর্ষণ বিস্ফোরণের তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার সৈন্যরা হামলা চালিয়েছে। তবে ইউক্রেন সে হামলা প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা বলেছে যে রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্র থেকে কিছুটা দুরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে কোথায় বিস্ফোরণ ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/টিআর