রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে: মাখোঁ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮

ইউক্রেনে তৃতীয় দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। ইতোমধ্যে বিভিন্ন শহর ও স্থাপনা দখল করে নিয়েছে রাশিয়া। দেশটির বাহিনী ইতোমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই। এর মধ্যে নতুন সতর্ক বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। 

মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ যুদ্ধের জন্য বিশ্বকে অবশ্যই প্রস্তুত হতে হবে। 

ফ্রান্সের বার্ষিক কৃষি মেলায় এই প্রেসিডেন্ট বলেন, 'আজ সকালে আপনাদের একটি কথা বলতে পারি-এই যুদ্ধ দীর্ঘ হবে।' 

তিনি আরও বলেছেন, 'এই সংকট স্থায়ী হবে, এই যুদ্ধ স্থায়ী হবে ও এর সঙ্গে আসা সমস্ত সংকটের দীর্ঘস্থায়ী পরিণতি হবে। আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।'  

এদিকে, দেশটির নৌবাহিনী ইংলিশ চ্যানেল রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে। সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ফ্রান্সের কর্মকর্তারা বিবিসিকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া নতুন নিষেধাজ্ঞার সঙ্গে মিল রেখে রাশিয়ার ওই জাহাজ আটক করা হয়েছে। 

 

ইত্তেফাক/এসআর