ইউক্রেনে তৃতীয় দিনের মতো আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। দেশটির বাহিনী ইতোমধ্যে কিয়েভে প্রবেশ করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রুশ সেনাবাহিনীকে সব দিক থেকে ইউক্রেনের 'আগ্রাসন' প্রসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এনডিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিয়েভে একটি আক্রমণ প্রতিহত করা হয়েছে কিন্তু 'নাশকতাকারী দল' শহরে ছিল। ইউক্রেনের এমন মন্তব্যের পর রুশ বাহিনীর ওপর এই নির্দেশনা এলো।
এড় আগে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার জন্য ইউক্রেনে হামলা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন শুক্রবার আলোচনা না হওয়া পর্যন্ত ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অগ্রযাত্রা থামানোর নির্দেশ দেন। তবে কিয়েভ সরকার আলোচনা প্রত্যাখ্যান করার পর অভিযান আবার শুরু হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ শনিবার এসব কথা বলেছেন।
সাংবাদিককের সঙ্গে সংবাদ সম্মেলনে পেসকোভ বলেন, 'গতকাল ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে স্থগিত আলোচনার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট রুশ বাহিনীকে অভিযান বন্ধ করতে নির্দেশ দেন।'
'ইউক্রেনের পক্ষ আলোচনা প্রত্যাখ্যান করায়, পরিকল্পনা অনুযায়ী আজ রাশিয়ার সামরিক অভিযান আবার শুরু হয়েছে,' বলেন পেসকোভ।
তবে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এই দাবিকে অস্বীকার করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
