ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০

ইউক্রেনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলার মধ্যে এ ঘোষণা দিলো জার্মানি। খবর বিবিসি।

এই পদক্ষেপের মাধ্যমে সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র রফতানি করার দীর্ঘস্থায়ী যে নীতিতে ছিল জার্মানি তা থেকে বেরিয়ে এলো।

চলমান সংঘাতে ইউক্রেনকে সমর্থন তার সরকারের কর্তব্য উল্লেখ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ভ্লাদিমির পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও ইউক্রেনকে সমর্থন আমাদের কর্তব্য। 

এদিকে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে ১ লাখ নাগরিক পোল্যান্ডে প্রবেশ করেছে। যারা পালিয়ে গেছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার।

ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: বিবিসি

ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলা চলছে। ইতোমধ্যে রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী ২৫০ এর বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন।

ইউক্রেন ছাড়ছে দেশটির নাগরিকরা। ছবি: রয়টার্স

এই কর্মকর্তা বলেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার ব্যালিস্টিক। বেসামরিক অবকাঠামো ও বিভিন্ন আবাসিক এলাকায় এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব লক্ষ্যবস্তুতে হামলা করছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

ইত্তেফাক/এএএম