ইউক্রেনে আক্রমণ চালানোয় রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। শনিবার (২৬ ফেব্রুয়ারি) নিজেদের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সিজারি কুলেসজা। তাতে সম্মতি জানিয়েছেন ফুটবলাররাও। যদিও এ ম্যাচ হবে কি না সে ব্যাপারে ফিফা থেকে এখনো কিছু জানায়নি।
আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্ব প্লে-অফ সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে খেলার কথা পোল্যান্ডের। ফিফার সূচি অনুযায়ী, রাশিয়াতেই হওয়ার কথা ম্যাচটি। কিন্তু বর্তমান পরিস্হিতিতে কোনোভাবেই সেখানে যেতে চায় না পোল্যান্ড। যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন জানাচ্ছে তারা। পাশাপাশি কথা বলছে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও। যাতে করে তারাও খেলতে অনাগ্রহী জানায় রাশিয়ার বিপক্ষে। কেননা প্লে-অফ সেমিফাইনালে তাদের মধ্যকার জয়ী দল খেলবে রাশিয়া কিংবা পোল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচটিও রাশিয়ায় হওয়ার কথা।
রাশিয়ায় খেলতে না চাওয়ার ব্যাপারে পোল্যান্ডের অধিনায়ক ও ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানডস্কি বলেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের ওপর সশস্ত্র আক্রমণ যেখানে চলমান, সেই পরিস্হিতিতে আমি রাশিয়া জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। এর জন্য রাশিয়ার ফুটবলার ও সমর্থকরা দায়ী না, তবে তাই বলে আমরা এমন ভান করতে পারি না, যে কিছুই ঘটছে না।’ পোল্যান্ডের এ সিদ্ধান্ত ফিফার ওপর বাড়তি চাপ সৃষ্টি করল।
এরই মধ্যে ইউক্রেনের ওপর রাশিইয়ার আক্রমণ নিয়ে নিন্দা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্হাটি। রাশিয়া থেকে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচগুলো সরিয়ে নিবে কি না সে ব্যাপারে এখনো ভাবছে তারা। এদিকে, একই ঘটনায় রাশিয়া থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সরিয়ে নিয়েছে উয়েফা। আগামী ২৮ মে প্যারিসের স্তাদে দে ফ্রান্সে বসবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
