হামলার বিরুদ্ধে রাশিয়ায় ৫৩ শহরে বিক্ষোভ, আটক ৩ হাজার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৯

ইউক্রেনে রুশ বাহিনীর হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। খোদ রাশিয়ায় এই হামলার বিরুদ্ধে ৫৩ শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ৩ হাজারের বেশি মানুষকে আটক করেছে রাশিয়ার পুলিশ। এমনটাই জানিয়েছে রাশিয়ার পুলিশের ক্ষমতার অপব্যবহার বিষয়টি পর্যবেক্ষণ করে ওভিডি-ইনফো নামের একটি প্রতিষ্ঠান। 

আটকদের অধিকাংশই মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরের উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত রাশিয়ার ৫৩টি শহরে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে গত তিন দিনে ৩ হাজার ৫২ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে শুধু শনিবারই ৩৪টি শহর থেকে ৪৬৭ জনকে আটক করা হয়েছে।

এছাড়া স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা, ইতালির রোম, যুক্তরাজ্যের লন্ডন, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, পোল্যান্ডের ওয়ারশ, ইসরায়েলের তেল আবিব, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, কানাডার টরন্টো শহরে হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু হয়েছে। রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে ১ লাখ নাগরিক পোল্যান্ডে প্রবেশ করেছে। যারা পালিয়ে গেছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার।

ইউক্রেনের বিভিন্ন স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করেছে রুশ বাহিনী। ইতোমধ্যে রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে বলে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে।

ইত্তেফাক/এএএম