ইউক্রেনে রাশিয়ার হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। দেশটিতে রুশ সর্বাত্মক হামলায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ক্রমশ এগোতে থাকা রুশ সামরিক বাহিনীকে বাধা দিতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ।
এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট নাগরিকদের জানিয়েছেন, এই দুঃসময়ে যারা দেশের জন্য লড়াই করতে ঝাঁপিয়ে পড়বে তাদের অস্ত্র সরবরাহ করা হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ অবস্থায় রুশ হামলা প্রতিহতে দেশবাসীকে পেট্রোল বোমা বানানোর পরামর্শ দিয়েছে। এতে বলা হয়েছে, এটি খুব বড় মাত্রায় কিছু না করতে পারলেও এর মাধ্যমে সবাই যদি অল্প অল্প করেও এগিয়ে আসে তাহলে তা বড় ধরনের ফল বয়ে আনবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় এক টেলিভিশন শোতে কীভাবে ঐ মোলোটভ ককটেল বোমা বানানো যায় তা শেখানো হচ্ছে। শুক্রবার এক টেলিভিশন শোতে এ বোমা বানানোর কৌশল শেখানো হয়। এ সময় এক ব্যক্তি বোমা তৈরির পুরো কৌশলের বর্ণনা কর।
তিনি বলেন, এটি সহজেই বানানো যায়। আর এর বিস্ফোরণ ঘটলে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় নাগরিকদের পেট্রোল বোমা তৈরির পরামর্শ দেওয়া হয়। দখলদার বাহিনীকে ঠেকাতে এই বিস্ফোরক ব্যবহারের পরামর্শ দেয় তারা। এছাড়া রাজধানী কিয়েভ রক্ষায় নাগরিক স্বেচ্ছাসেবকদের হাতে প্রায় ১৮ হাজার মেশিনগান তুলে দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বয়সসীমা তুলে নিয়ে সব নাগরিককে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে গতকালও রাজধানীতে রুশ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে। ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের মুখে দেশটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংকার, ভূগর্ভস্থ মেট্রো স্টেশনসহ বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে।
