নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আদুরিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে চারটি স্পটে আট কিলোমিটার এলাকাজুড়ে ছয় হাজার অবৈধ আবাসিক সংযোগ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত দুই দিনব্যাপী অভিযানের প্রথমদিনে দুইটি গ্রামে চার কিলোমিটার বিস্তৃত তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া একটি খাবার হোটেল মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরও জানান, চিহ্নিত করা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আগামীকাল সোমবারও অভিযান চলবে। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত তিতাসের এই অভিযান অব্যাহত থাকবে। তাই ঝুঁকিপূর্ণ অবৈধ সংযোগ ব্যবহার না করে বৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
