গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘যুবলীগ নেতার’ বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ওই গৃহবধূ বাদি হয়ে অভিযুক্ত যুবলীগ নেতা শিপন আহম্মদকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। 

অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে ওই গৃহবধূ ভাড়া থাকতেন। তার স্বামী একজন অটোরিকশাচালক। শিপন আহম্মদ আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। গত পৌরসভার নির্বাচনের তিনি ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন। ওই গ্রামের হাবিবুল্লাহ হিরুর ছেলে তিনি। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল বলেন, শিপন আহম্মদ যুবলীগের কোনো পদে নেই। তবে আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী হয়ে ছিলেন। 

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা শিপন আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম