বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন আহত হয়েছে।
এ ঘটনায় রবিবার (২৭ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হল, আমিনুল ইসলাম মিলন (৩৯), সজল শেখ (২০), হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাঁটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যায়। এসময় জমিতে মাটি কাঁটার কাজ চলাকালীন সময়ে ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলনসহ ৪ জন আহত হয়। আহতদের প্রথমে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত মিলানের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদি হয়ে সুমন শেখ, আলী আকবর কালুসহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
