তৃণমূলকে অধিকতর শক্তিশালী ও সম্মানিত করলেই আগামী নির্বচনেও নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, তৃণমূলই আওয়ামী লীগের প্রাণশক্তি। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের দায়বদ্ধতা কেবলমাত্র বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি। আর জনগণের সঙ্গে আওয়ামী লীগের সেতুবন্ধন হলো-আওয়ামী লীগের তৃণমূল।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ সভাপতি এসএম সোলায়মান আলী, মোমিন আহমেদ চৌধুরী, এডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল, গোলাম হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ। জেলা, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
