নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বজরা বাজারের মোটবী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাইমুড়ীর সিএনজি চালক পারভেজ (৩৫), মামুনুর রহমান (৪০) ও যশোরের জসিম (৪০)। বাকি দুই জনের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মৃতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার স্থান থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
