রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম আইস, ৪৪ গ্রাম হেরোইন, ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ২২ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ৪টি ইনজেকশন করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম